সর্বশেষ সংবাদ :

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় নাকাল নগরজীবন

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে গতকাল শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস,। সেটি ছিল শনিবার পর্যন্ত মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল রোববার সেই তাপমাত্রা পেরিয়ে রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বোচ্চ। রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এখন গরমে যেন নাকাল নগরজীবন।
কয়েকদিন ধরেই সূর্যের প্রচণ্ড উত্তাপ আর তপ্ত বাতাসে পুড়ছে নগরজীবন। রোদের তেজ ও গরমের বিপর্যস্ত হয়ে পড়েছেন নগরের সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল থেকেই তাপমাত্রা বাড়তে থাকে। সকাল সাড়ে ৯টার দিকে ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১০টায় তা বেড়ে দাঁড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রিতে। এরপর বেলা সাড়ে ১১টায় তাপমাত্রা হয় ৩৭ দশমিক ৪ ডিগ্রি, দুপুর ২টায় ৪০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বেলা ৩টায় তাপমাত্রা বেড়ে হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিকেলে আকাশের পশ্চিম কোনে মেঘের ঘনঘটা দেখা দিলেও মিলেনি কাঙ্খিত বৃষ্টির। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনেও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই। বরং এই তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এদিকে, ঢাকাসহ দেশের আট জেলা তীব্র তাপপ্রবাহে পুড়ছে। সেই সঙ্গে দেশের অন্যান্য জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রবিবার (১১ মে) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, রবিবার চুয়াডাঙ্গা, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি পর্যন্ত মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রি মাঝারি এবং ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা উঠলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


প্রকাশিত: May 12, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর