সর্বশেষ সংবাদ :

গোবিপ্রবিতে অর্গানোগ্রামের দাবিতে ফিশারিজ বিভাগের মানববন্ধন 

গোবিপ্রবি প্রতিনিধি:
২০১৫ সালে প্রস্তাবিত ৩৯৫টি সৃজিত পদের অর্গানোগ্রামের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থীরা।
আজ সোমবার (৫ মে) দুপুর ১ টায় একাডেমিক ভবনের সামনে শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় ৩৯৫টি সৃজিত পদের  অর্গানোগ্রামের দাবিতে সকল বিশ্ববিদ্যালয়ের গৃহীত কর্মসূচির সাথে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মিরাজ বলেন,”২০১৫ সালে মৎস্য অধিদপ্তর একটি সময়োপযোগী ও দূরদর্শী প্রস্তাবনা উত্থাপন করেছিল—৩৯৫টি নতুন পদ সৃষ্টির মাধ্যমে সর্বমোট ৬৩৭টি পদের একটি সংশোধিত অর্গানোগ্রাম। উপসচিব সফিকুল ইসলামের স্বাক্ষরে উত্থাপিত এই প্রস্তাবনাটি বাস্তবায়ন হলে মৎস্য ব্যবস্থাপনায় একটি নতুন গতি আসত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দীর্ঘ ১০ বছর পার হয়ে গেলেও এই গুরুত্বপূর্ণ প্রস্তাবনাটি বাস্তবায়ন হয়নি।
ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা, পেশাজীবী সংগঠন ও সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বারবার এই দাবির পক্ষে সোচ্চার হয়ে আসছেন। এই অর্গানোগ্রাম বাস্তবায়ন শুধু চাকরি সৃষ্টির বিষয় নয়—এটি দক্ষ মানবসম্পদ ব্যবহারের, উন্নয়ন গবেষণার বিস্তার ঘটানোর এবং মৎস্যখাতকে যুগোপযোগী করার একটি প্রয়োজনীয় পদক্ষেপ।”
তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাসরুল্লাহ বলেন, “বাংলাদেশ একটি মৎস্যসম্পদে সমৃদ্ধ দেশ। এই খাত আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ এবং কোটি মানুষের জীবিকার উৎস। অথচ অত্যন্ত দুঃখজনক যে, দেশের মৎস্য খাতের সুশাসন, উন্নয়ন, গবেষণা ও সম্প্রসারণে এখনও কাঙ্ক্ষিত কাঠামোগত অগ্রগতি হয়নি। একারণে আমাদের অধিকার আমাদেরকে দেওয়ার দাবি রাখছি।”
শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে  ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক প্রান্ত সাহা বলেন, ” বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক দক্ষ গ্রাজুয়েট বের হয়। কিন্তু তাদেরকে যদি মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ না দিয়ে অন্যদের দেওয়া হয়। যার কারনে  তারা ভালো সেবা দিতে পারেন না এটাই স্বাভাবিক বিষয়। একারনে এই সকল দক্ষ জনশক্তিকে কাজ করার সুযোগ দিতে হবে এবং সৃজিত পদে তাদের নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশ ও জাতির সেবা করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। “
উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিলে  উপ-সচিব সফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রস্তাবনায় ৩৯৫ টি নতুন পদসহ সর্বমোট ৬৩৭ টি পদ সৃজিত হয়। কিন্তু দীর্ঘ ১০ বছরে প্রস্তাবনা বাস্তবায়ন না হওয়ায় ৩৯৫ পদের অর্গানোগ্রামের দাবি জানিয়েছে ফিশারিজ শিক্ষার্থীরা।
সানশাইন /নিলয়/শামি

প্রকাশিত: May 5, 2025 | সময়: 10:46 pm | Daily Sunshine

আরও খবর