নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে প্রতারণায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগের প্রতারণায় আব্দুল মতিন (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এসময় তার কাছ থেকে কয়েকটি ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক এবং ১০ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া সংক্রান্ত একটি চুক্তিনামা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা নওগাঁ পৌরসভার চকদেব পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুর ১টায় জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফারজানা হোসেন এসব তথ্য জানান।
গ্রেপ্তার আব্দুল মতিন (৫৩) নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চলমান দেশব্যাপী কার্যক্রমকে পুঁজি করে একটি দালালচক্র প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম বৃহস্পতিবার রাতে শহরের পৌরসভা এলাকায় অভিযান চালায়। অভিযানে আব্দুল মতিন (৫৩) নামে এক প্রতারক এক কনস্টেবল চাকুরী প্রার্থীর অভিভাবকের সাথে মোটা অংকের অর্থের একটি চুক্তি করে। তাদের চুক্তির অর্থ লেনদেন চলাকালে গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, পরবর্তীতে তার বাসায় অভিযান চালিয়ে একই ধরনের আরো একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়, যেখানে ভিকটিমের সাথে প্রতারকের ১০ দশ লক্ষ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগ সংক্রান্তে চুক্তিনামা সম্পাদিত হয়েছে। প্রতারকের বিরুদ্ধেও নওগাঁ সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে নওগাঁ গোয়েন্দা পুলিশে পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫ | সময়: ৩:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ