সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ভাই-বোনকে কুপিয়ে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ভাই ও বোনকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তরিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর অতিরিক্ত মহানগর জজ আদালত-১ এর বিচারক আবুল কালাম আজাদ এ রায় ঘোষণা করেন।
তরিকুল ইসলাম নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা। ২০১৫ সালের ৬ এপ্রিল জমি নিয়ে বিরোধের জেরে তিনি তার ভাই সাদেকুল ইসলাম ও বোন আক্তারা জাহান কল্পনাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন। একই ঘটনায় আরও চারজন আহত হন। স্থানীয়রা তরিকুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সাদেকুল ইসলামের ছেলে ইউসুফ আলী সিজার বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ শামীম আহমেদ। আসামির পক্ষে কোনো স্বজন আইনজীবী নিয়োগ না করায় রাষ্ট্র থেকেই আইনজীবী মাহমুদুর রহমান রুমনকে নিয়োগ দেওয়া হয়।
আইনজীবী মাহমুদুর রহমান রুমন রায়ে অসন্তোষ জানিয়ে বলেন, “আসামি খুন করেছেন, এটা ঠিক। তবে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তার মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া হয়নি। একজন সাধারণ আসামির মতোই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকে তরিকুল ইসলাম রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়েছিল। রায় শেষে আবারও তাকে কারাগারে পাঠানো হয়।


প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫ | সময়: ৪:৫৪ পূর্বাহ্ণ | সুমন শেখ