, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটো স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, টিটো ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী। অল্প সময়ে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। শনিবার বিকেলে নগরীর শালবাগানে শাহমখদুম থানা ও চন্দ্রিমা থানা আমরা বিএনপি পরিবার এর আয়োজনে শোক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, টিটো আমার কাছের স্নেহের ছোট ভাই ছিল। আন্দোলন সংগ্রামে রাজপথে সরব ছিল। দলের জন্য সবসময় কাজ করেছে। খুব অল্প সময়ে পৃথিবী ছেড়ে চলে গেল। আন্দোলনের সময় তার নামে বহু মামলা হয়েছে। তারপরও দলের জন্য সক্রিয়ভাবে কাজ করতো। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আগামী দিনে আল্লাহ তায়ালা সুযোগ দিলে তার পরিবারের জন্য কাজ করবো। বিএনপির সকল কর্মী তার পরিবারের পাশে আছে। এছাড়াও টিটোকে নিয়ে তিনি বিভিন্ন স্মৃতিচারণ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন। শাহ মখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদের সভাপতিত্বে ও শাহমখদুম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, নগর মহিলা দলের সভাপতি সখিনা খাতুনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতবৃন্দ। শোকসভা ও দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।