সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ঈদের প্রধান জামাত যেন সম্প্রীতির মিলনমেলা

স্টাফ রিপোর্টার: বিভাগীয় শহর রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। রাজশাহীর বিশাল এ ঈদ জামাতে ইমামতি করেন, মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করেন মহানগরীর তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।
এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য বিএনপির জ্যেষ্ঠ নেতা মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি এমাজ উদ্দিন প্রামানিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাসহ মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায় করেন। নামাজ শেষে ঈদ জামাতে আসা মুসল্লিরা কোলাকুলি করেন। তরা পরস্পর সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এবার প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যেই এসব এলাকায় ঈদের এই জামাত অনুষ্ঠিত হয়।
রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির স্বার্থে সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষার ডাক দেওয়া হয়। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
ঈদুল ফিতরের নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর দরবারে প্রয়াত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনার জন্য মহানগরীর বিভিন্ন গোরস্থানে যান এবং কবর জিয়ারত করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, ঈদের জামাতকে ঘিরে এবার কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। কাউকে জায়নামাজ ছাড়া কোনো ব্যাগ, ভারি বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন করতে দেওয়া হয়নি। এছাড়া ঈদুল ফিতরের নামাজকে ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। সে সাথে ঈদগাহ ও মসজিদগুলোর আশপাশের এলাকায় সকাল থেকেই পুলিশি টহল বাড়ানো হয়েছিল। কিন্তু যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়েই আজ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজশাহী মহানগরে শান্তিপূর্ণ পরিবেশেই ঈদ উদযাপন শুরু হয়েছে।


প্রকাশিত: April 4, 2025 | সময়: 2:54 am | সুমন শেখ