সর্বশেষ সংবাদ :

রাজশাহীর বিভিন্ন জেলায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: ইসরায়েলের নির্বিচার গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ভিন্ন ভিন্ন সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন শহরে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। হামলায় ইতোমধ্যে ৬০০ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর মধ্যে অন্তত ২০০ জন শিশু রয়েছে। গাজায় ইউনিসেফের মুখপাত্র রোসালিয়া পোওলিন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর নাটোরের বড়াইগ্রাম , চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর,নওগাঁর সাপাহার পত্নীতলা, আত্রাই ও জয়পুরহাটে সংগঠনগুলোর উদ্যেগে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনের মুক্তি এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে নানা কর্মসূচি পালিত হয়। রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর। এসময় সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলের নেতারা।
বড়াইগ্রাম: ফিলিস্তিনে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙ্গে ইসরাইলী বাহিনীর বর্বর হামলা ও ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম, বনপাড়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসেন, বনপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, ডা. জাহেদুল ইসলাম, ডা. রাশেদুল ইসলাম, বিএনপি নেতা সাহাবুল আলম ও বনপাড়া পৌর জামায়াতের আমীর মীর মহিউদ্দিন বক্তব্য রাখেন।
গোমস্তাপুর: ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসলি¬রা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূণর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল¬াহ, শিবির নেতা মোত্তাকিম সহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
সাপাহার: ফিলিস্তিনে বর্বর ইসরাঈলী হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর সাপাহারে ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা নামাজের পর উপজেলার জিরোপয়েন্ট এলাকা হতে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীর সমন্বয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি সদরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্ট এলাকায় এসে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এসময় প্রতিবাদ সভায় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি সাপাহার জিরো পয়েন্ট জামে মসজিদের খতিব মাও. ইউসুফ আব্দুল্লাহ হাবিবি, সাধারণ সম্পাদক মুফতি জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাও. আলামিন, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম আরেফিন বক্তব্য প্রদান করেন। প্রতিবাদ সমাবেশে ইসরাইলি বর্বর হামলা ও ভারতের আগ্রাসনের প্রতি ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে এই হামলা ও আগ্রাসন বন্ধের জন্য সরকার তথা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার আয়োজনে শুক্রবার বাদ জুম্মা দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনের মুক্তির দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। মিছিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম। তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি করেন। এ সময় তিনি বলেন, ‘ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মানুষের অধিকার। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই। মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের মুক্তি ও মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শাহিন আহমেদ, আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান শাহিন।
জয়পুরহাট: ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলিদের অমানবিক বর্বরোচিত হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে শহরের জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে এসে শেষ হলে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ডা. ফজলুর রহমান সাঈদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি আশরাফুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারি হাফেজ মাওলানা জাফর, জয়পুরহাট সদর উপজেলা আমির মাওলানা ইমরান হোসেন, সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন, শহর জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসাইন,সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন।
বক্তারা শান্তি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সারা বিশ্বের মুসলমানদের ইসরাইলি পণ্য নিষিদ্ধ ও বর্জনের আহ্বান জানান।
পত্নীতলা: ফিলিস্তীনে বর্বর ইসরাইলী হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে সর্বস্তরের সাধারণ মানুষকে নিয়ে ওলামা মাশায়েখ, ছাত্র ও তাওহীদি মুসলিম জনতার আয়োজনে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতীব শায়খুল হাদীস মুফতী মনিরুল ইসলাম জমিরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ দেলোয়ার হোসেন, পত্নীতলা থানা জামে মসজিদের ইমাম ও খতীব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মুফতী আনোয়ার হোসেন, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতীব মাওলানা মোকলেছুর রহমান, ইমাম মাওলানা রবিউল ইসলাম, নজিপুর কওমী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু বকর, পলিপাড়া জামে মসজিদের ক্বারী ফজলুর রহমান সহ অন্যান্য আলেমগণ। এর আগে বৃহস্পতিবার বিকেলে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় ফিলিস্তীনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়ণের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,ইসরায়েলের সামরিক অভিযানে ৪৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি থাকলেও গত মঙ্গলবার থেকে নির্বিচারে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।


প্রকাশিত: March 22, 2025 | সময়: 3:05 am | সুমন শেখ