শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, মান্দা: টাঙ্গাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ১০টি পরিবার ও আহত ৫টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এই আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে নিহত প্রত্যেকটি পরিবারকে ১০ হাজার টাকা এবং আহত পরিবারগুলোকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দেশের সড়ক ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে বলেন, ‘দেশের সড়কগুলো আজও নিরাপদ করা সম্ভব হয়নি। সড়কে চরম অব্যবস্থাপনার কারণে মানুষের নিরাপদে বাড়ি ফেরা বা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতিবছর ঈদে বাড়ি ফেরার পথে মানুষ লাশ হয়ে ফিরছে, আর এই দুর্ঘটনার শিকার সবচেয়ে বেশি হচ্ছেন সাধারণ শ্রমিকরা।’ বর্তমান সরকারের মন্ত্রীদের সমালোচনা করে তিনি সামনের দিনগুলোতে সড়ক নিরাপদ করতে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় মেহনতি শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও শ্রমিক সংগঠন হিসেবে সকল শ্রমিকের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে আমাদের এই কার্যকরী ভূমিকা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির খন্দকার আব্দুর রাকিব। এছাড়াও অন্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি নাছির উদ্দীন সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।