বড়াইগ্রামে ছুরিকাঘাতে একজন নিহত, আহত চার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কবরস্থান কমিটির সঙ্গে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ চলাকালে ছুরিকাঘাতে নজিম উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক সহ আরো চারজন আহত হন। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজিম উদ্দিন ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণির পিতা মরহুম আব্দুস সামাদ মৌলভী মৃত্যুর আগে স্থানীয় কবরস্থানে ৬০ শতাংশ জমি দান করে যান। এ জমির দখল নিয়ে কবরস্থান কমিটির সঙ্গে আব্দুল গণি ও তার ছেলেদের দ্বন্দ্ব চলে আসছিল। ইতোপূর্বেও এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক ও মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালেও তর্ক-বিতর্কের জের ধরে গ্রামের লোকজন আব্দুল গণির ছেলে সজিব হোসেন (২৫) কে পিটিয়ে আহত করে।
শুক্রবার সকালে পুনরায় কবরস্থান কমিটির সেক্রেটারী আরিফ হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন লোক আব্দুল গণির রাইস মিলে হামলা করে এবং তার ছেলে ফারুক হোসেন (৩২) কে পেটাতে থাকে। এ সময় ফারুক সেখানে থাকা ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে নজিম উদ্দিন গুরুতর জখম হন এবং প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া ছুরিকাঘাতে কবরস্থান কমিটির সেক্রেটারী আরিফ হোসেন (৩৫) ও জাহাঙ্গীর আলমও (৩৬) আহত হন। আহতদের মধ্যে ফারুক ও সজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।


প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ | সময়: ৩:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর