বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী-৩ (পবা- মোহনপুর) সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, বর্তমান বিশৃঙ্খলাপূর্ণ সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহান আল্লাহর আইনের আলোকে সমাজকে পরিচালনা করতে হবে। চির শাশ্বত সত্য হচ্ছে মহান আল্লাহর আইন। আর আল্লাহ তা’য়ালার আইনই হচ্ছে হক।
সকল খারাপ কাজকে পরাজিত করতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছিলেন এবং রাসূলেরাই মহান আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন। তাই বর্তমান সময়েও যদি মহান আল্লাহর আইনের আলোকে সমাজ বিনির্মাণ করতে চায়, তাহলে তাদেরকেও জীবন, অর্থ, সম্পদ কোরবানির মাধ্যমে এ পথে চলতে হবে।
তিনি বলেন মহান আল্লাহর আইনের আলোকে সমাজ বিনির্মাণ করতে হলে প্রয়োজন রাষ্ট্রশক্তির। তাই লোকবল তৈরি, জনমত গঠন ও মহান আল্লাহর সাহায্যের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের কাজ নিরলসভাবে চালিয়ে যেতে হবে। শনিবার মাহে রমযানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন আমাদের সকল ধরনের বিতর্ক এড়িয়ে ইসলামের সামাজিক সুবিচার, সাম্য, মানবাধিকার ও সুশাসন জনগণের মাঝে প্রচার করতে হবে। আর মুমিন হিসেবে মানবসেবার মাধ্যমে ঈমানী দায়িত্ব কে পরিপূর্ণতায় পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে দলবল নির্বিশেষে একজন ভাল মানুষকে নির্বাচিত করতে হবে।
দামকুড়া থানা হরিপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সহকারি সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর ইউনিয়নের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দামকুড়া থানা আমীর আলহাজ্ব হাফেজ মো. আতাউর রহমান, আমীর এডভোকেট সেলিম রেজা মাসুম। উপস্থিত হরিপুর ইউনিয়ন ও ওয়ার্ড বাংলাদেশ জামায়ামে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।