, , ।
স্টাফ রিপোর্টার: হিজড়া মোহনা। থাকেন রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ায়। অনেক কষ্টে তার বেড়ে উঠা। মানুষের হাসি-তামাশার পাত্র হয়েই বেড়ে উঠতে হয়েছে তাকে। মনের মধ্যে অপমান, ঘৃণা নিয়ে বেড়ে উঠা তার। অনেকটা যেন নিজেকে লুকিয়ে রাখার মতো। কিন্তু এভাবে কতো দিন? নিজের যুদ্ধ নিজেকেই করতে হবে। অনেকেই তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। কিন্তু মোহনা যে অদম্য। সেই পরিচয় তিনি তখনই দিয়েছিলেন। প্রতিকূল পরিবেশের মাঝেই মোহনা পরিবার থেকে বিচ্ছিন্ন হননি।
সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখায় অদম্য নারী পুরস্কার-২০২৫ পেয়েছেন রাজশাহীর হিজড়া মোহনা। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার হাতে এ পুরস্কার তুলে দেন।
মো. মুহিন থেকে মোহনা হওয়া তৃতীয় লিঙ্গের এই সদস্য তার জনগোষ্ঠীর সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি রাজশাহীর দিনের আলো হিজড়া সংঘের সভাপতি। সংগঠনটিতে তিনি কাজ করছেন ২০০২ সাল থেকে। তবে ২০১০ সালে সংগঠনের কার্যক্রমে গতি পায়। হিজড়াদের আদি পেশা থেকে বের করে এনে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এ সংগঠনের লক্ষ্য।
এ বছর রাজশাহীর হিজড়া মোহনা ছাড়াও আরও চার নারী অদম্য নারী পুরস্কার পান। এছাড়া বিশেষ বিবেচনায় পুরস্কার পায় নারী ক্রিকেট দল। পুরস্কার হিসেবে ছিল ১ লাখ টাকা এবং সনদ। অনুষ্ঠানে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
অদম্য মোহনা বলেন, নানা প্রতিকূলতার মাঝেও আমি আমার জনগোষ্ঠীর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই পুরস্কার আমাকে আরও বেশি উৎসাহ দেবে। আরও ভাল কাজ করার তাগিদ দেবে। অদম্য মোহনা সকলের নিকট দোয়া চেয়েছেন।