সর্বশেষ সংবাদ :

জাতীয় ফল কাঁঠালের হাটে প্রাণের স্পন্দন,বাঘার আড়ানী বাজারে

নুরুজ্জামান,বাঘা :

ভোরের আলো ফুটতেই রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে শুরু হয় ব্যস্ততা। ট্রাক, ভ্যান ও ছোট যানবাহনে করে একের পর এক কাঁঠাল এসে জমা হতে থাকে বাজারে। চারদিকে শুধু কাঁঠালের সোনালি-সবুজ সমারোহ। দরদাম, হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতার কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো বাজার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পাইকারি বেচাকেনা। এরপর বিকেলে স্থানীয় ও আশপাশের এলাকার মানুষ ভিড় করেন পছন্দের কাঁঠাল কিনতে।

 

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল বিশ্বের সবচেয়ে বড় বৃক্ষজাতীয় ভোজ্য ফল। গ্রীষ্ম ও বর্ষার এই সুস্বাদু ফল শুধু রসনাতৃপ্তিই দেয় না, পুষ্টিগুণেও অনন্য। ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, খাদ্য আঁশ ও এন্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ কাঁঠালকে অনেকেই বলেন ‘স্বাদের রাজা এবং পুষ্টির ভাণ্ডার’।

 

এক সময় বাড়ির আঙিনার গাছেই সীমাবদ্ধ ছিল কাঁঠালের উৎপাদন। তবে সময়ের সঙ্গে পাল্টেছে সেই চিত্র। বর্তমানে রাজশাহীর বাঘা উপজেলায় বাণিজ্যিক ভাবে কাঁঠালের চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ভালো ফলন, বাড়তি চাহিদা ও লাভজনক বাজারের কারণে অনেক কৃষক নতুন করে কাঁঠাল বাগান গড়ে তুলছেন। এর সুফল পাচ্ছেন কৃষক, ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। মৌসুমজুড়ে আড়ানী বাজার হয়ে উঠেছে কাঁঠাল বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র।

আড়ানী গ্রামের সাবেক কমিশনার মোজাম্মেল হক রাজ বলেন, পাকা কাঁঠালের মিষ্টি স্বাদের তুলনা হয় না। আবার এর বিচি দিয়েও সুস্বাদু তরকারি রান্না করা হয়। কাঁঠালের ছোবড়া ও বাইরের সবুজ অংশ এবং সবুজ পাতা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এই ফলের কোনো অংশই অপচয় হয় না।
তিনি আরও বলেন, কাঁঠাল গাছের কাঠ অত্যন্ত টেকসই ও দৃষ্টিনন্দন। আসবাবপত্র তৈরিতে এই কাঠের চাহিদা দীর্ঘদিনের। তাই অন্যান্য অনেক কাঠের তুলনায় এর দামও অনেক বেশি।

বিশেষজ্ঞদের মতে, একটি কাঁঠালগাছ একই সঙ্গে ফল, কাঠ ও পশুখাদ্যের উৎস। ফলে এটি কৃষকের জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পদ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে ফলভিত্তিক কৃষির প্রসারে কাঁঠালের মতো দেশীয় ফল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

জাতীয় ফল কাঁঠাল তাই কেবল একটি মৌসুমি ফল নয় , এটি বাংলার গ্রামীণ জীবন , কৃষি অর্থনীতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আর রাজশাহীর বাঘার আড়ানী বাজারের প্রতিদিনের জমজমাট কাঁঠালের হাট যেন সেই সম্ভাবনা, পরিশ্রম ও সমৃদ্ধির এক জীবন্ত প্রতিচ্ছবি।

 

আড়ানীর স্কুল শিক্ষক আমানুল হক আমান জানান, রাজশাহীর বাঘার আড়ানী পৌর বাজারে সকাল থেকেই জমে ওঠে কাঁঠালের পাইকারি হাট।দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা আড়ানী বাজারে কাঁঠাল কেনা-বেচায় ব্যস্ত থাকেন। জাতীয় ফল কাঁঠালকে ঘিরে মৌসুম জুড়ে প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে এখানকার বাজার।

 

উপজেলা কৃষি অফিসার সফিউল্লাহ সুলতান জানান, আম চাষকে ঘিরে বাঘায় এক সময় কাঁঠালের চাষ কমে গিয়েছিল। মাঝখানে কয়েক বছর আমে লস হওয়াই বর্তমানে এ অঞ্চলের অসংখ্য কৃষক কাঁঠালের বাগান তৈরি করছেন। এ উপজেলায় প্রায় সকল হাটে কাঁঠাল বেচাকেনা হয়। তবে দিনব্যাপ পাইকারি বেচা-কেনা হয়,কেবল আড়ানী পৌর বাজারে।

সানশাইন /শামি


প্রকাশিত: July 22, 2026 | সময়: 10:53 pm | Daily Sunshine