জাতীয় সংসদ মনোনয়নের প্রত্যাশায় বাগমারায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার সালেকুজ্জামানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, বাগমারা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে রাজশাহী-৪ (বাগমারা) আসনের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর। শুক্রবার বিকেলে বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও গনীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর ছেলে ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অধ্যাপক মকলেছুর রহমান মন্ডলের ভাতিজা।
পারিবারিকভাবে বিএনপি পরিবারের সন্তান এবং দল ও হয়রানি মামলার শিকার দলের নেতাকর্মীদের পিছনে আমার অবদানের বিষয়টি বিবেচনা করে হাই কামান্ড আমাকে মনোনয়ন দিবেন বলে আশা প্রকাশ করে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালেকুজ্জামান বলেন, আগামী সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে মনোনয়ন চাইবো। দল যদি তাকে মনোনয়ন দেন এবং তিনি যদি বাগমারার সাংসদ নির্বাচিত হন তাহলে এলাকায় যে সকল সামাজিক বৈষম্য রয়েছে তা তিনি দূর করবেন।
এছাড়াও বাগমারা এলাকার সাধারণ মানুষ যেন কখনই প্রতিহিংসার শিকার হয়ে হয়রানী না হয় সে দিকে তিনি সব সময় নজর রাখবেন। সমাজ থেকে সকল ধরনের দুর্নীতি, সন্ত্রাস, মাদক, টেন্ডার, চাঁদাবাজী সহ সকল ধরনের অপকর্ম দূর করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময়ের সময় ব্যারিষ্টার সালেকুজ্জামান সাগরের সাথে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা প্রভাষক আমিনুল ইসলাম জুয়েল ও জাহাঙ্গীর আলম।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫ | সময়: ৬:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর