সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি: শুক্রবার ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহী কার্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ এবং কবিতা পাঠ অনুষ্ঠিত হবে। ২১ ফেব্রুয়ারি দিবসের শুরুতে (২০ ফেব্রুয়ারি দিবাগত রাত) বারো’টা এক মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করবে।
সকাল এগারো’টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এদিন বাদ যোহর ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণ করবে। এদিন রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।
রাসিক: রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর জেলা প্রশাসক, রাজশাহীর কার্যালয় চত্বরে অবস্থিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও সিটি কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, রাজশাহী মহানগরীর সড়ক দ্বীপসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিতকরণ, বাদ জুম্মা সোনাদীঘি জামে মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়েছে।


প্রকাশিত: February 20, 2025 | সময়: 7:49 am | সুমন শেখ

আরও খবর