বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: আরএমপি সদর দপ্তরে রাজশাহী বিভাগে কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম।
আইজিপি আরএমপি সদর দপ্তরে পৌঁছালে তাঁকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি)মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সভায় রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় আইজিপি বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় তিনি রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে রাজশাহী’র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামসহ রাজশাহী বিভাগের পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।