সর্বশেষ সংবাদ :

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর : আসিফ নজরুল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “হাজার বছর ধরে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর এবং এই সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে, তার জন্য সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”সোমবার ঢাকা অফিসার্স ক্লাব আয়োজিত সরস্বতী পূজা ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

ড. আসিফ নজরুল আরও বলেন, “আজকের এই পূজা অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবাই সমান অধিকারী, সরকার কাউকে সংখ্যালঘু হিসেবে ছোট করতে চায় না।” তিনি পূজায় ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি, অঞ্জলি প্রদান এবং সুশৃঙ্খল ভাবে পূজার প্রসাদ গ্রহণ দেখে অত্যন্ত আনন্দিত ও মুগ্ধ হন।

 

পূজার প্রোগ্রামের জন্য অফিসার্স ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং পূজা উদযাপন উপ-কমিটির চেয়ারম্যান এবং সদস্য সচিব-সহ সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আশা প্রকাশ করেন বলেন , ভবিষ্যতে এই পূজা আরও বৃহত্তর কলরবে পরিণত হবে এবং তিনি ভবিষ্যতে এমন অনুষ্ঠানে সুযোগ পেলে আবারও অংশগ্রহণ করবেন।

 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বিধানচন্দ্র রায় পোদ্দার, মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ড. আ ফ ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জনাব সুপ্রতিম চাকমা, মাননীয় উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও পুজা উৎযাপন কমিটির সদস্য সচিব রথীন্দ্রনাথ দত্ত । তাঁরা সবাই একযোগে বাংলাদেশের সার্বজনীন সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। তাঁদের কথা শুনে মুগ্ধ হন আমন্ত্রীত অতিথি বৃন্দ।

 

এদিকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের বক্তব্য শেষে, অফিসার্স ক্লাব ও পূজা উদযাপন উপ-কমিটির চেয়ারম্যান শ্রী বিজন কান্তি সরকার সকলকে স্বাগত জানান এবং অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই হাজার হাজার পূজারি এবং ভক্তবৃন্দ উপস্থিত হয়ে অঞ্জলি প্রদান করেন এবং ছোট ছোট বাচ্চারা তাদের হাতে খড়ি গ্রহণ করে, যা অনুষ্ঠানটির আনন্দময় পরিবেশকে আরো আনন্দিত করে তোলে।

সানশাইন/রাজ


প্রকাশিত: February 4, 2025 | সময়: 9:52 pm | Daily Sunshine