সর্বশেষ সংবাদ :

বর্তমান ব্যবসায়ীদের সব চেয়ে বড় সমস্যা কর ফাঁকি দেয়া: ভ্যাট কমিশনারেট শাফায়েত হোসেন

স্টাফ রিপোর্টার :

বর্তমান সকল বড় বড় ব্যবসায়ীদের একটি মূল সমস্যা হচ্ছে কর ফাঁকি দিয়ে ব্যবসা করা। দেশের বেশিরভাগ ব্যবসায়ীরা টাকা থাকা সত্ত্বেও ব্যাংক থেকে লোন নিয়ে সরকারের কর ফাঁকি দিয়ে থাকে বলে মন্তব্য করেছেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শাফায়াত হোসেন ।

বুধবার (১১ ডিসেম্বর) রাজশাহী কলেজ অডিটরিয়ামে “ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে “এই অঙ্গীকার ধারণ করে ভ্যাট দিবস সপ্তাহ -২০২৪ উপলক্ষে রচনা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী এর সহযোগিতায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুঃ যহুর আলী। এ ছাড়াও সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ উপাধ্যক্ষ মোঃ ইব্রাহিম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যুগ্ন কমিশনার তাহমিনা আক্তার পলি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সহকারী কমিশনার তানিয়া আলম।

ভ্যাট দিবস উপলক্ষে ভ্যাট প্রদানের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথি বলেন শাফায়াত হোসেন, ভ্যাট প্রদানের ফলেই দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। সরকারি কোষাগারে জমা হওয়া এই রাজস্ব কর দেশের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানো হয়। শিক্ষার্থীদের একজন দায়িত্বসচেতন নাগরিক হয়ে উঠতে হবে আর একজন সুনাগরিকের কাজ নিয়মিত ভ্যাট প্রদান করা।

তিনি আরো বলেন এদেশের অনেক বড় বড় ব্যবসায়ীরা অনেক সময় অনেক ধরনের কর ফাঁকি দিয়ে থাকে যার ফলে দেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের প্রভাব পড়ে। তারা ট্যাক্স ফাঁকি দিয়ে নিজেদের সামান্য লাভ করে দেশের অনেক বড় একটি ক্ষতি করে ফেলছে। কারণ এই ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের আয় হয় যখনই ট্যাক্সের মাধ্যমে সরকারের আয় কম হয়, তখন বাহিরের দেশ থেকে ঋণ করে দেশ পরিচালনা করতে হয় সুতরাং আমাদের সবার দায়িত্ব হবে নিজ নিজ অবস্থান থেকে সকল প্রকার ট্যাক্স প্রদান করা।

সভাপতি অধ্যক্ষ মুঃ যহুর আলী তার সমাপনী  বক্তব্যে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একজন শিক্ষার্থী হিসেবে  ভ্যাট ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞান রাখা অতি গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ হবে। এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের দেশ পরিচালনা করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি এখন থেকেই শিক্ষার্থীদের মাঝে ভ্যাট এর সঠিক জ্ঞান থাকে এবং তারা সচেতন হয়ে প্রত্যেকটি ক্ষেত্রে কর প্রদানের মাধ্যমে সরকারকে সহযোগিতা করে তবেই সে একটি সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে শিখবে। এবং পরবর্তীতে বর্তমান শিক্ষার্থীরা কখনোই কর ফাঁকি দিয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত হবে না বলে আশা ব্যক্ত করেন তিনি।

সবশেষে  কুইজ ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সানশাইন/ফেরদৌস /শামি


প্রকাশিত: December 11, 2024 | সময়: 6:55 pm | Daily Sunshine