, , ।
শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পাওনা টাকা চাওয়ায় নাজমুল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (২৭ জুলাই) মো. জাফরকে প্রধান আসামিসহ আরও সাত জনের নাম উল্লেখ করে হয়েছে মামলায়। গ্রেফতারকৃতরা হলেন, জাফর মিয়াকে ও রেনুকা বেগম।
এর আগে, গত শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া বনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হোসেন চককাউরিয়া বনপাড়া গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, নাজমুলের আত্মীয় জাফর। পারিবারিক প্রয়োজনে জাফর প্রায় দুই বছর আগে নাজমুলের মা মোছা. মাজেদা বেগমের কাছে ২ লাখ টাকা ঋণ করেন। শুক্রবার সন্ধ্যায় নাজমুল ওই টাকা চাওয়ায় মো. জাফরসহ তার লোকজন নাজমুল হোসেনকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ও শরীরে আঘাতে করেন। এ সময় নাজমুলের মা মাজেদা বেগম ও নানা মো. মাছেন আলীকেও মারধর করেন তারা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নাজমুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে পাঠায়। সেখানে যাওয়ার পথে গাজীপুর বোর্ড বাজারে পৌঁছালে মারা যান নাজমুল।
এবিষয়ে শ্রীবরদী থানার ওসি মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে গত শনিবার দুপুরে থানায় মামলা করেছে। হত্যা মামলার প্রধান আসামি জাফরসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।