সর্বশেষ সংবাদ :

আইনজীবী সাইফুল হ*ত্যা*র প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান।

 

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হল, নিউমার্কেট, জয় বাংলা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একাডেমি ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। এসময় শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

প্রসঙ্গত, মঙ্গলবার ইসকন নেতা চিন্ময় কৃষ্ণর জন্য জামিন আবেদন করেন তার আইনজীবী। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তার অনুসারীদের হামলায় ওই আইনজীবী নিহত হন|

সানশাইন /নিলয়/শামি


প্রকাশিত: November 27, 2024 | সময়: 6:06 pm | Daily Sunshine