সর্বশেষ সংবাদ :

রাজশাহী বাগমারার সাবেক এমপি এনামুল হক-কে কারাগারে প্রেরণ করা হয়েছে

সানশাইন ডেস্ক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান তার জামিন না মঞ্জুর করেন।

 

 

আদালত পরিদর্শক আমান উল্লাহ বলেন, এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

 

এনামুল হক রাজশাহী-৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আ.লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন।


প্রকাশিত: September 23, 2024 | সময়: 4:51 pm | Daily Sunshine