কেশরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী। শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজশাহী ডিভিশনাল অফিসের সহকারী পরিচালক ফজলে এলাহী দৈনিক সানশাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, কেশরহাট পৌর বাজারে অবস্থিত ‘খাদিজা বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন সহ মেয়াদ উত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মুদির দোকানদার আলমকে ২ হাজার, কনফেকশনারী দোকানের মালিক রেজাউল করিমকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারি পরিচালক মাসুম আলী এবং সহকারী পরিচালক ফজলে এলাহী। অভিযানকালে রাজশাহী জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


প্রকাশিত: মে ১৯, ২০২৪ | সময়: ৫:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ