সর্বশেষ সংবাদ :

রাবিতে স্বাধীনতা দিবসে খাবারের সর্বজনীন ব্যবস্থার দাবি সাত ছাত্রসংগঠনের

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলসমূহে স্বাধীনতা দিবসে বিশেষ খাবারের সর্বজনীন ব্যবস্থার দাবি জানিয়েছে ক্যাম্পাসে ক্রিয়াশীল সাত ছাত্রসংগঠন। বুধবার (২০মার্চ) এক যৌথ বিবৃতিতে এই দাবি জানায় তারা।
সংগঠনগুলো হলো- বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, নাগরিক ছাত্র ঐক্য, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং ছাত্র গণমঞ্চের সমন্বয়ক নাসিম সরকার।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় হল প্রশাসন স্বাধীনতা দিবস উপলক্ষে কেবল আবাসিক শিক্ষার্থীদের জন্যে বিশেষ খাবারের ব্যবস্থা করে থাকে। যদিও অনাবাসিক শিক্ষার্থীদের আবাসিকতা না পাওয়াটাও বিশ্ববিদ্যালয় প্রশাসনেরই ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণ প্রশ্ন তৈরি করে তাহলে স্বাধীনতা দিবস কি শুধু হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য? এই বৈষম্য প্রমাণ করে, এই প্রশাসন মুখে স্বাধীনতার কথা বললেও অধিকারে স্বাধীনতা সর্বজনীন হোক এটা চায় না। প্রতিবছর ইন্টারনেট ফি থেকে শুরু করে হলের যাবতীয় ফি অনাবাসিক শিক্ষার্থীদের পরিশোধ করতে হয়।’
তারা আরও বলেন, একদিকে যেমন বিপুল সংখ্যক অনাবাসিক ছাত্রদের নিয়ম-মাফিক আবাসন দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন তার উপর বিভিন্ন বিষয়ে এইধরনের বৈষম্যমূলক আচরণ,শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশার তৈরি করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন বৈষম্যমূলক ব্যবস্থার তীব্র নিন্দা জানাই। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, সকল প্রকার মূল্যমান পরিহার করে ভর্তুকি দিয়ে অবিলম্বে স্বাধীনতা দিবসের বিশেষ খাবারে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার।


প্রকাশিত: March 21, 2024 | সময়: 6:08 am | সুমন শেখ

আরও খবর