, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজের গৌরবময় ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে উচ্চশিক্ষার সম্ভাবনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘অ্যান ইনসাইট ইনটু হায়ার এডুকেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজশাহী কলেজে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশের চিকিৎসা পদার্থবিদ্যা চর্চার পথিকৃৎ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারি এবং রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল পদার্থবিদ্যার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “যেখানে মেডিসিন আছে, সেখানেই আমরা মেডিকেল পদার্থবিদ্যা ব্যবহার করতে পারি। মূলত রেডিয়েশন যেখানে ব্যবহার করা হয়, আজকের জগতে সেখানেই এর ব্যবহার রয়েছে।”
সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সঠিক দিকনির্দেশনা প্রদান এবং ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করতে এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা চাই, শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক।”
রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত এ সেমিনার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, পেশাগত দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে নতুন ধারণা ও দিকনির্দেশনা পেতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। পরিশেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।