, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মারধরের ঘটনায় মো. পলাশ (৪৫) নামে এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের মালোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যা মামলা করতে পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়েছে।
নিহত পলাশ নগরের রাজারহাতা এলাকার বাসিন্দা। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পলাশ আগে থেকেই অসুস্থ ছিলেন। বুধবার রাতে রক্তচাপ মাপতে তিনি মালোপাড়া এলাকার একটি ওষুধের দোকানে যান। সেখানে রিকশা রাখাকে কেন্দ্র করে সামান্য যানজট সৃষ্টি হলে পাশের সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীরা তাঁকে রিকশা সরাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়। পরে স্থানীয়রা অসুস্থ পলাশকে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, এ ঘটনায় সীমান্ত হোমিও হলের মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে হত্যা মামলা করতে রাত ৩টার দিকে পরিবারের সদস্যরা থানায় এজাহার দিয়েছেন। মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।