নওগাঁয় ২৯৬ মিলিমিটার বৃষ্টি জলাবদ্ধতা, দুর্ভোগে শহরবাসী

স্টাফ রিপোর্টার, নওগাঁ: টানা প্রায় ২০ ঘণ্টার বৃষ্টিতে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক, অলিগলি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ২৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এক দিনে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে গত ২৩ এপ্রিল ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।
বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে সিও অফিস এলাকা, নওগাঁ সরকারি কলেজ চত্বর, গোস্তহাটির মোড়, সুপারিপট্টি, চুরিপট্টি, বাটার মোড়, ডাবপট্টি, পুরাতন হাসপাতাল সড়ক, কাঁচাবাজার, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড, বলিহার হাউস, কাজীপাড়া, সরিষাহাটির মোড়, জনকল্যাণ মোড়, মুক্তির মোড়, কেডির মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে বাটার মোড় ও সুপারিপট্টি এলাকায় যানজটও দেখা দেয়। শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাঁটুসমান পানি মাড়িয়ে যাতায়াত করতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, ড্রেনে জমে থাকা বর্জ্য এবং নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে অল্প বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সিও অফিস এলাকার বাসিন্দা আকবর হোসেন বলেন, সামান্য বৃষ্টিতেই শহরের সড়কে পানি জমে যায়। ড্রেন পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
সরিষাহাটির মোড়ের ব্যবসায়ী শাহীন আহম্মেদ বলেন, ড্রেন থেকে নিয়মিত পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ না করায় পানি দ্রুত নামতে পারে না।
নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, পৌর এলাকায় পর্যায়ক্রমে ড্রেন নির্মাণ করা হলেও আরও ড্রেন প্রয়োজন। পাশাপাশি জনবলসংকট, অপরিকল্পিত বর্জ্য ফেলা এবং ড্রেনে নির্মাণসামগ্রী পড়ে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।
এদিকে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারী বৃষ্টি ও উজানের ঢলে গত ২৪ ঘণ্টায় আত্রাই নদীর পানি প্রায় ১ দশমিক ৮৭ মিটার বেড়েছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


প্রকাশিত: July 10, 2026 | সময়: 4:09 am | সুমন শেখ