, , ।
জুবায়ের তুহিন রাজশাহী :
রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ পরিদর্শনে তিনি উপজেলার হাটকানপাড়া উচ্চ বিদ্যালয়,কানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দুর্গাপুর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে দুর্গাপুর উপজেলায় পৌঁছে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম প্রথমে দুর্গাপুর থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
পরে জেলা প্রশাসক দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুর্গাপুর পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটি কাঁঠাল ও একটি আমগাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক।
এরপর তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন বিষয়ে উৎসাহিত করেন। পরে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স ও ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে ভূমি সেবা কার্যক্রম, সাধারণ মানুষের সেবা গ্রহণের পরিস্থিতি এবং দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। জনগণ যাতে হয়রানিমুক্ত ও দ্রুত সরকারি সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক উপজেলা শিশু পার্ক পরিদর্শন করেন এবং সেখানে একটি নিমগাছ ও একটি বেলগাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে অনেকটাই স্বাভাবিক ধারায় ফিরে এসেছে। এর প্রতিফলন এবারের এসএসসি পরীক্ষার ফলাফলেও দেখা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার ভিত্তিতে ফলাফল উঠে এসেছে। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তাই সাময়িক এ সংকটকে আমাদের ধৈর্য ও সহনশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী ও সচেতন হতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতা, দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরকারি সেবা পায়, সেটিই প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, সরকারি সেবার মান পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই জেলা প্রশাসকের এ পরিদর্শন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় জেলা প্রশাসক বিভিন্ন সরকারি দপ্তরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারি সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা, ফরমস ও স্টেশনারি শাখা এবং প্রবাসী কল্যাণ শাখা) মোঃ নুরুল আবছার সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মেহেদী হাসান, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সানশাইন /শামি