, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রশিক্ষণের সময় প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন। তার নাম হযরত আলী সরদার (৩৫)। আহত হযরত আলীকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। শনিবার বেলা পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনে এ ঘটনা ঘটে। সেখানে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সিটি স্ক্যানের জন্য তাকে হাসপাতালের রেডিওলজি বিভাগে পাঠানো হয়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, প্রায় ৩০ ফুট উঁচু মই থেকে পড়ে হযরত আলী আহত হয়েছেন। তিনি হাঁটতে পারছেন না। সিটি স্ক্যানের জন্য তাকে রেডিওলজি বিভাগে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর উপপরিচালক মনজিল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বাইরে আছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। ঘটনা সম্পর্কে জানতে সহকারী পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহীর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, প্র্যাকটিসের সময় হযরত পড়ে আহত হয়েছেন।