সর্বশেষ সংবাদ :

বাঘায় গ্যাস বিক্রি হচ্ছিল ২ হাজার ৫০০ টাকায়, জরিমানা

নুরুজ্জামান, বাঘা :

রাজশাহীর বাঘায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস বিক্রির অভিযোগে এক সরবরাহকারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে , বর্তমানে ১২ কেজি বসুন্ধরা এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ২ হাজার ৬০ টাকা। তবে পাশের পুঠিয়া উপজেলার ডিলার সুফল সরকার মিনি ট্রাকে করে বাঘা উপজেলার বিভিন্ন দোকানে তার লোক মারফত প্রতি সিলিন্ডার গ্যাস ২ হাজার ৪০০ টাকায় বিক্রি করছিলেন। পরে খুচরা বিক্রেতারা একই সিলিন্ডার ভোক্তাদের কাছে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায় , বাঘা থানা-পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)র এক কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় খুচরা ব্যবসায়ীর কাছে গ্যাস সরবরাহের ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগের সত্যতা পাওয়ার পর গ্যাস সরবরাহকারী তা স্বীকার করেন। পরে গ্যাস সরবরাহাকারী গাড়ির চালক বাচ্চু মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নুরুজ্জামান /শাহজাদা


প্রকাশিত: November 5, 2026 | সময়: 5:05 pm | Daily Sunshine