সর্বশেষ সংবাদ :

আড়ানী পৌর বিএনপির সবুজায়ন উদ্যোগ

নুরুজ্জামান , বাঘা :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ক্রমবর্ধমান তাপমাত্রা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই বাস্তবতাকে সামনে রেখে সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আলোকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার আড়ানী পৌর এলাকার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ উল্লেখ করে এর বাস্তবায়নে আড়ানী পৌরসভার নামও তুলে ধরা হয়। আয়োজকরা জানান, সরকারের পরিবেশবান্ধব এ উদ্যোগকে সফল করতে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।

কর্মসূচিতে অংশ নেওয়া আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, পরিবেশ রক্ষার প্রশ্নে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয় ; এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটির ক্ষয়রোধ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অন্যতম মাধ্যম।

এই কর্মসুচীতে উপস্থিত থেকে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, বৃক্ষরোপণকে একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে কাঙ্ক্ষিত ফল মিলবে না। প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা, সুরক্ষা এবং বেড়ে ওঠা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য হতে হতে হবে । সে কারণে রোপণের পাশাপাশি পরিচর্যার বিষয়টিকেও সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে ।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ রক্ষায় সরকারি কর্মসূচির সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততা ইতিবাচক বার্তা বহন করে। এতে একদিকে যেমন মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে সবুজায়নও সম্প্রসারিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম ধারাবাহিক ভাবে চলবে। পর্যায়ক্রমে আড়ানী পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সড়কের দুই পাশ এবং বিভিন্ন মোড় তথা জনসমাগমস্থলে বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করা হবে।

সার্বিক বিষয়ে বাঘা উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, গাছ হচ্ছে প্রকৃতির ইঞ্জিন। সারা দেশব্যাপী প্রকৃতির যে রুড প্রভাব এর একমাত্র কারন’ই হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এ জন্য পরিবেশ রক্ষার লড়াই-আজ আর কেবল সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে স্থানীয় উদ্যোগ যুক্ত হলে সবুজায়নের লক্ষ্য আরও বেগবান হবে। আড়ানী পৌর বিএনপির এই কর্মসূচি সেই সম্মিলিত প্রচেষ্টারই একটি প্রতীক। যেখানে একটি চারার মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের নির্মল, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশের স্বপ্ন।

সানশাইন /শামি


প্রকাশিত: July 16, 2026 | সময়: 7:57 pm | Daily Sunshine