অনুশীলনে নেইমার, মাঠে নামছেন কোন ম্যাচে?

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মত ব্রাজিল দলের অনুশীলনে দেখা গেল নেইমারকে। ডান পায়ের মাংশপেশির ইনজুরির কারণে প্রায় এক মাস ধরে দলের বাইরে আছেন তিনি। নিজেকে ফিট করে তুলতে দলের বাইরে থেকে এককভাবে অনুশীলন ও পুনবার্সন প্রক্রিয়া চালিয়েছেন নেইমার। যুক্তরাষ্ট্রে আসার আগে গত মঙ্গলবার সর্বশেষ আলাদা অনুশীলন করেছেন তিনি। ইনজুরির কারণে ‘সি’ গ্রুপে গত রবিবার মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কো ম্যাচে ডাগআউটে বসে খেলা দেখেন ও সতীর্থদের উজ্জীবিত করেন তিনি। বুধবার নিউ জার্সিতে দলের সাথে যোগ দিয়ে রাফিনিয়া, ব্রুনো গুইমারায়েস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ফাবিনহোর সাথে কিছুক্ষণ ঘাম ঝড়িয়েছেন নেইমার। এক পর্যায়ে তাদের উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘‘তোমরা কি আমাকে মিস করেছো?’’ দলের সাথে কিছুক্ষণ থাকার প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে আবারও আলাদাভাবে অনুশীলনে মনোযোগ দেন এই ব্রাজিলিয়ান তারকা। ব্রাজিল ফুটবল সমর্থকদের প্রতাশা, তিনি আগামী ২০ জুন গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হতে পারেন। তবে জাতীয় দলের মেডিকেল টিমের সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, নক আউট পর্ব থেকে নেইমারকে পুরোপুরি ফিট পাবার আশা করছে টিম ম্যানেজমেন্ট ও দলের চিকিৎসকরা। অর্থাৎ গ্রুপ পর্বে খেলতে পারবেন না নেইমার।


প্রকাশিত: জুন ১৯, ২০২৬ | সময়: ৪:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ