নওগাঁয় চালককে মারধর, ৮ ঘণ্টা পর দূরপাল্লার বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বাসচালককে মারধরের জেরে প্রায় ৮ ঘন্টা বন্ধ থাকার পর নওগাঁ থেকে বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-সিলেট সহ দূরপাল্লার সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে দফায় দফায় আলোচনার পর বিকেলে সাড়ে ৫টা নাগাদ এ পরিস্থিতি স্বাভাবিক হয়। এরআগে সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস রাত দেড়টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামিয়ে চালক বাসটি ঘোরানোর সময় চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কথা ছাড়াই চালককে মারধর করে। পরবর্তীতে বাসটি কাউন্টারে আসলে সেখানে গিয়েও কাউন্টার ভাংচুরের চেষ্টা করেন তাঁরা। এই মারধরের প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়ে সাধারন যাত্রীরা।
নওগাঁ মোটরশ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এবং জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, আলোচনা মাধ্যমে কয়েকঘন্টা পর বাস চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের উপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন পক্ষ থেকেও জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে আস্বস্ত করা হয়েছে।


প্রকাশিত: মে ২০, ২০২৬ | সময়: ৫:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ