আরব আমিরাতে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭মে পবিত্র ঈদুল আজহা

সানশাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পবিত্র জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। আজ রবিবার (১৭ মে) সকালে আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দিবালোকেই হিজরি ১৪৪৭ সনের এই চাঁদের ছবি ধারণ করা হয়।
চাঁদটি পর্যবেক্ষণের সময় এর বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি। এই হিসাব অনুযায়ী দেশটিতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে ইতোমধ্যে জিলহজ মাসের চাঁদ দেখার কার্যক্রম জোরদার হয়েছে। এর মধ্যে তিউনেসিয়া প্রথম দেশ হিসেবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়েছে। দেশটিতে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে তুরস্কেও সোমবার থেকে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে। দেশটি সাধারণত সরাসরি চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ইসলামি ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। তবে সৌদি আরবসহ অধিকাংশ ইসলামি দেশে রবিবারকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে গণ্য করা হয়েছে।
এ কারণে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির মুসলমানদের রবিবার সন্ধ্যায় খালি চোখে অথবা দূরবীনের সাহায্যে জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধনের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। জিলহজ মাসের সূচনার ওপর নির্ভর করে পবিত্র হজের চূড়ান্ত সময়সূচি এবং বিশ্বব্যাপী মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারিত হয়।


প্রকাশিত: মে ১৮, ২০২৬ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ