সর্বশেষ সংবাদ :

মান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে ফসল, অপসারণ দাবি

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বোরো ধান, আমসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। ফসল ও ফলদ গাছ রক্ষায় ভাটাটি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন তাঁরা।
শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মিরপুর এলাকায় নুরজাহান ব্রিকস নামের ইটভাটার সামনে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের ভাষ্য, ভাটাটি পরিচালনা করেন নাজমুল হক মিলন।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা বলেন, প্রায় ১৭ বছর ধরে এলাকায় ভাটাটি পরিচালিত হচ্ছে। গত বছরও ভাটার ধোঁয়ায় বোরো ধান, আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছিল। সে সময় সামান্য ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মীমাংসা করা হয়। তবে এ বছর আবারও একই ধরনের ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।
ক্ষতিগ্রস্ত কৃষক আলম হোসেন বলেন, ভাটার পাশে ২৫ কাঠা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন তিনি। কয়েক দিনের মধ্যে ধান কাটার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ভাটার ধোঁয়ায় পুরো খেত ঝলসে গেছে। এখন ওই জমি থেকে ধান পাওয়ার আশা নেই বলে জানান তিনি।
মিরপুর গ্রামের বাসিন্দা আলমাস হোসেন বলেন, তাঁর বাগানের আম পরিপক্ব হওয়ার আগেই পচে যাচ্ছে। একইভাবে কাঁঠাল ও লিচুতেও পচন দেখা দিয়েছে। আশপাশের পেয়ারাবাগানের ফুল এবং ফলও ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা শামীম হোসাইন বলেন, ভাটার ধোঁয়ার কারণে নারকেলগাছে গুটি আসছে না। যেগুলো আসছে, সেগুলোও রোগাক্রান্ত হয়ে পড়ছে। এরই মধ্যে তাঁর চারটি জলপাইগাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে ভাটামালিক নাজমুল হক মিলনের বক্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, নুরজাহান ব্রিকস সহ তিনটি ইটভাটার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: May 23, 2026 | সময়: 4:48 am | সুমন শেখ

আরও খবর