বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মিজানুর রহমান, চারঘাট: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রেলস্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও আন্তনগর ট্রেনের স্টপেজ সংকটে জর্জরিত। গুরুত্বপুর্ণ এই স্টেশনের উপর দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকা সহ দক্ষিণাঞ্চাল ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে প্রায় ৩০-৩২টি ট্রেন চলাচল করলেও নামমাত্র একটি আন্তনগর ট্রেন সহ ৫টি ট্রেন আপ-ডাউনে স্টপেজ দেয়। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল গামী ট্রেনগুলোর কোন স্টপেজ নেই। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌচেছে।
জানা যায়, সরদহ রেলস্টেশনটি ভৌগলিকভাবে চারঘাট উপজেলার ভিতরে স্থাপিত হলেও বাঘা উপজেলা ও পুঠিয়া উপজেলার সাধারণ যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে এই স্টেশনটি ব্যবহার করে থাকে। এছাড়া দেশের সর্ববৃহৎ পুলিশ ট্রেনিং সেন্টার বাংলাদেশ পুলিশ একাডেমী, রাজশাহী ক্যাডেট কলেজ সহ সরকারী বেসরকারী অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলে। যার কারণে বিপুল সংখ্যক মানুষের দৈনিক যাতায়াতের প্রয়োজন হয়। টিকিটের ব্যপক চাহিদা থাকা সত্বেও আন্তনগর ট্রেন না থামায় শিক্ষাথী, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের বাধ্য হয়ে দুরের স্টেশন ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।
সরেজমিনে সরদহ রেল স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনটি চালু রয়েছে সেই পুরোনো নন ইন্টারলক সিস্টেমে। যা আধুনিক রেল ব্যবস্থায় ঝুঁিকপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। সিগনালিং ব্যবস্থার দুর্বলতায় দুর্ঘটার আশংকা থাকে বলে জানান সহকারী স্টেশন মাস্টার ফরহাদ হোসেন। এছাড়াও স্টেশনের বিশ্রামাগারগুলো দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে আছে। যা যাত্রীসেবায় বড় অসুবিধা সৃষ্টি করছে বলে জানান তিনি।
ব্রিটিশ আমলে নির্মিত এই স্টেশনটির মুল ভবনটির কাজ সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই চুয়ে ঘরের ভিতের পড়ে পানি। প্লাস্টারগুলো খুলে পড়ে যায় বলে জানান স্টেশন সংলগ্ন একাধিক ব্যবসায়ী। পর্যাপ্ত লাইটিং না থাকায় স্টেশন সংলগ্ন এলাকাগুলো রাতের বেলায় অন্ধকার হয়ে থাকে। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।
স্টেশন সংলগ্ন এলাকায় বসবাসরত একাধিক ব্যক্তি জানান, নিরাপত্তা ঘাটতির কারনে স্টেশন এলাকায় মাদক লেনদেন, চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধমুলক কর্মকাণ্ড বাড়ছে, যা যাত্রীদের জন্য চরম ঝুকি বাড়াচ্ছে। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত আন্তনগর ট্রেনের স্টপেজ চালু, আধুনিক ইন্টারলকিং ব্যবস্থা স্থাপন, মুলভবন সহ বিশ্রামাগার সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান এলাকাবাসী।
রাজশাহী রেল পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ ফোনে জানান, বাজেট সীমাবদ্ধতা থাকায় পর্যায়ক্রমে স্টেশনগুলোর সংস্কার কাজ করা হচ্ছে। সরদহ রেল স্টেশনের বর্তমান অবস্থা আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। যাত্রি চাহিদা বিবেচনায় আন্তরনগর ট্রেনের স্টপিজ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়টি দ্রুত মুল্যায়ন করা হবে।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসানের সাংসদ আবু সাইদ চাঁদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জনগণের ভোগান্তি লাঘবই আমাদের অঙ্গীকার। তাই দ্রুতই রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ট্রেনের স্টপেজ, নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।