, , ।
শাহালাল ইসলাম, রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার ও আধুনিক মৌ-বক্স বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
এ বছর দুটি ক্যাটাগরিতে এই প্রণোদনা দেওয়া হয়েছে।
উপজেলার মোট ১০ হাজার কৃষকের প্রত্যেককে এক বিঘা জমির জন্য ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি (DAP) ও ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়।
আধুনিক পদ্ধতিতে মধু আহরণের জন্য নির্বাচিত ১০ জন চাষিকে ১টি মৌ-বক্স, ১টি স্মোকার, ৪টি কুইন গেট (ফেস) ও ১টি করে হাইভ টুলস দেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার জিগার হাশরত, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক এবং বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী আব্দুল লতিফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে সঠিক সময়ে বীজ ও সার ব্যবহার করে আউশ ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে পারেন, সেজন্য এই উদ্যোগ। পাশাপাশি মৌ-চাষের মাধ্যমে মধু উৎপাদন বাড়িয়ে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ারও আহ্বান জানান তারা।
সানশাইন /শামি