, , ।
স্টাফ রিপোর্টার: সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মহানগরবাসীকে সচেতন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ৩০টি ওয়ার্ডে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার সকালে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে হাম প্রতিরোধ বিষয়ক লিফলেট তুলে দেন।
লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে হাম রোগের লক্ষণ, প্রতিরোধের উপায়, আক্রান্ত হলে করণীয় এবং শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান নিশ্চিত করার বিষয়ে মহানগরবাসীকে অবহিত করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন।
প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। জনসচেতনতা বৃদ্ধি, সময়মতো টিকাদান নিশ্চিতকরণ এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। মহানগরবাসীর সুস্থতা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা প্রদান এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রশাসকের নির্দেশনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৩০টি ওয়ার্ডে একযোগে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। ৯ মাস থেকে ১৮ মাস বয়সী শিশুকে দুই ডোজ টিকা প্রদান করলে এ রোগের ঝুঁকি থেকে নিরাপদ রাখা সম্ভব। শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে প্রথম ডোজ হাম ও রুবেলা টিকা এবং ১৫ মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে। এছাড়া শিশুর জন্মের পর ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বিনামূল্যে এসব টিকা প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু, সিটি হাসপাতালের চিকিৎসক ডা. মো. তারিকুল ইসলাম, ডাঃ নাসরুল্লাহ দেওয়ান, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, ডা. তামান্না বাসার, ডাঃ উম্মুল খায়ের ফাতিমা এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।