রাজশাহীতে ১০০০পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার রাতে গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজার এলাকায় কাঁকনহাট খাদ্য গুদামের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের বাসিন্দা মৃত মকবুল হোসেনের পুত্র।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার ডিবির এসআই (নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ সাফিনা পার্ক ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কাঁকনহাট খাদ্য গুদামের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আরিফ আলীর নেতৃত্বে রাত পৌনে ১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দৌড়ে পালানোর চেষ্টা করলে রাত সোয়া ১টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে রাখা ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলাম শরিফের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: মে ৩, ২০২৬ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ