দুর্গাপুরে জয়নগর ইউনিয়নের নারী সদস্য রুপালী খাতুন বরখাস্ত

জুবায়ের তুহিন রাজশাহী :

রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসাঃ রুপালী খাতুনকে পদ থেকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। সোমবার (১০ নভেম্বর) জারি হওয়া এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

নথিতে উল্লেখ করা হয়— দায়িত্বশীল পদে থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নামে মিথ্যা লিখিত অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি)–এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারধর, এবং বিভিন্ন অফিসারের নামে বেনামে অভিযোগ দাখিলসহ একাধিক অনিয়মে জড়িত ছিলেন রুপালী খাতুন।

এ ছাড়া বিডব্লিউবির চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বাধা প্রদান করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ (সংশোধিত ২০১১) এর ৩৪(৪)(ঘ) ধারা অনুসারে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়।

আদেশে বলা হয়— রুপালী খাতুনের আচরণ জনস্বার্থবিরোধী এবং পরিষদের সুনাম ক্ষুণ্ণকারী হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বরখাস্ত আদেশ কার্যকর ও প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে— আদেশ জারির মুহূর্ত থেকেই বরখাস্ত কার্যকর ধরা হবে এবং তিনি বরখাস্তকালীন সময়ে কোনো সদস্য-সুবিধা ভোগ করতে পারবেন না।

প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজশাহীর জেলা প্রশাসক, দুর্গাপুর ইউএনওসহ সংশ্লিষ্ট সব দপ্তরে। সরকারি আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ সামসুল আলম।

এ বিষয়ে রুপালী খাতুনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার বরখাস্তের সিদ্ধান্তকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চলছে নানান আলোচনা।

সানশাইন /শামি


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫ | সময়: ৬:১৩ অপরাহ্ণ | Daily Sunshine