, , ।
কালাই প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ির সঙ্গে দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। তিনি হঠাৎ করেই দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেছিলেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে সস্ত্রীক আহত হন প্রতিমন্ত্রী নিজেও।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, শুক্রবার ৪ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে।
নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী ও তার স্ত্রী ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাটে যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছালে ফিরোজা বেগম দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী এবং ফিরোজা বেগম আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আব্দুল বারী, তার স্ত্রী নাজমা আরা বারী এবং সঙ্গে থাকা বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রতিমন্ত্রীকে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ‘ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালেই পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত আছেন। তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’