বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
যবিপ্রবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান ও মুন্সি মেহেরুল্লাহ হল সংলগ্ন রাস্তার সংস্কার কাজ। যেখানে রাস্তাকে দৃষ্টিনন্দন করতে ব্যবহার করা হবে ইউনিব্লক।
আজ সোমবার (২০ অক্টোবর) সকাল নয়টা থেকে শুরু হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিউর রহমান ও মুন্সি মেহেরুল্লাহ হল সংলগ্ন রাস্তা সংস্কার কাজ । দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী এই রাস্তাটি বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই কাদা ও জলবদ্ধতার কারণে শিক্ষার্থীদের জন্য ছিল তীব্র ভোগান্তির কারণ। অবশেষে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে রাস্তা সংস্কারে মনোনিবেশ করেছে যবিপ্রবি প্রশাসন।
এ বিষয়ে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মজমুল ইসলাম বলেন, যবিপ্রবি প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত সময়োপযোগী এবং সাধুবাদ পাওয়ার যোগ্য। হল সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ শুরু হওয়ায় এখন হাজারো আবাসিক শিক্ষার্থীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। এর ফলে ক্যাম্পাসে তাঁদের দৈনন্দিন যাতায়াত আরও মসৃণ ও স্বচ্ছন্দ হবে।
সংস্কার কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ জানিয়েছেন, “আমরা এক নতুন পরিকল্পনা অনুযায়ী রাস্তাটিকে সাজাচ্ছি। রাস্তাটির মাঝখানে সামান্য উঁচু থাকবে এবং উভয় পাশে থাকবে উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা, যাতে বর্ষার অতিরিক্ত জল সহজেই ড্রেনের মাধ্যমে বেরিয়ে যেতে পারে।” তিনি আরও বলেন, এই রাস্তায় সিমেন্ট ও ইটের খোয়া দিয়ে ঢালাই করার পর, টেকসই ও দৃষ্টিনন্দন বিশেষ ধরনের ইউনিব্লক ব্যবহার করা হবে। আশা করা যাচ্ছে, আগামী এক মাসের মধ্যেই রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হবে।
তারেক/শামি