, , ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে তরকারী রান্নার স্বাদ ভালো না হওয়ায় জীবন আত্মহতি দিয়ে জীবনের ইতি টানতে হলো এক গৃহবধূকে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার পাহাড়পুর ইউপির জগদীশপুর গ্রামে। শাশুড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ঐ গ্রামের আকাশ হোসেন মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে নিজ বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে খাবার খেতে বসেন। তরকারী রান্নার স্বাদ ভালো না হওয়ায় স্ত্রী ঝর্না খাতুনকে গালিগালাজ করে তার স্বামী আকাশ। এ নিয়ে উভয়ের মধ্যে বাকদন্দ শুরু হয়। এক পর্যায় আকাশ স্ত্রী ঝর্নাকে রাতেই বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। ঝর্না ভোরে উঠে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় স্ত্রীকে যেতে দিবে না বলে আবারো স্বামী স্ত্রী দ্বন্দে জড়িয়ে পড়ে।
পরে স্বামীর উপর অভিমান করে সকাল ছয়টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ঝর্না। টের পেয়ে দরজা ভেঙ্গে ঝর্নাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সঙ্গে সঙ্গে স্বামী আকাশ ও শাশুড়ি পিয়ারা বেগম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জয়পুরহাট এলাকা থেকে শাশুড়িকে গ্রেফতার করে।
তাদের ৪ বছরের দুটি জমজ সন্তান আছে নাম ওহান ও সোহান।
ঝর্নার মামা জহুরুল ইসলাম বলেন, ঝর্নাকে মারপিট করে হত্যা করা হয়েছে। সে বারবার মারপিট করতো ভাগনীকে, অনেকবার নিয়ে গিয়ে চিকিৎসা করেছি।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান বলেন, এ ঘটনায় আত্নহত্যা প্ররোচনা ৩০৬ ধারায় মামলা হয়েছে। শাশুড়ি পেয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পলাতক রয়েছে।
রানা হামিদ /শামি