সর্বশেষ সংবাদ :

বাগমারায় পারিবারিক দ্বন্দ্বের মামলায় গ্রামবাসীকে হয়রানীর অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার ১ নং ডাক্তা মহল্লায় পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনাকে রাজনৈতিক মামলায় রুপ দিয়ে সাধারণ গ্রামাবাসীকে হয়রানীর অভিযোগ এক বিএনপি নেতার বিরুদ্ধে। গ্রামবাসীর অভিযোগ ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক সাইফুল ইসলাম বাবু কথায় কথায় বিএনপির প্রভাব ও ক্ষমতার জোর খাটিয়ে গ্রামবাসীকে মারপিট ও মামলার হুমকি দিয়ে থাকেন। তার কথার বাইরে গেলে তাকে গ্রামছাড়া করারও হুমকি দেওয়া হয়।
এসব মামলা হামলা ও গ্রাম থেকে বের করে দেওয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ড গ্রামবাসীরা পুলিশকে দেখালেও তারাও ক্ষমতাশীন দলের নেতা হওয়ায় বাবুর বিষয়ে নিরব ভূমিকা পালন করে আসছে বলে জানান ভুক্তোভোগি গ্রামবাসী। তারা বাবুকে বিগত আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ সুবিধাভোগি এবং বর্তমানে বিএনপিতে মুখোশধারী নেতা বলেও দাবী করেন।
গ্রামবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে বিএনপি কর্মী সাইফুল ইসলাম বাবু সহ অন্যান্য হাতেগোনা চার-পাঁচজন ব্যক্তি ও তাদের পারিবারিক নেতৃত্বে ব্যক্তিগত পারিবারিক জমিজমা ও অন্যান্য বিষয়ের জেরে ভবানীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড ডাকতা মহল্লার নারী সহ একই পরিবারের ৫ জনকে চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করা করে।
পরে এই ঘটনায় ভুক্তভোগিদেরকেই আসামী করে বাগমারা থানায় মামলা দেওয়া হয়। পরে এই মামলাকে পুজি করে বাবু গ্রামবাসীকে মামলায় ফাঁসানো ও গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া শুরু করে বলে আমি বিএনপি করি, বিএনপি আগামীতে ২০ বছর ক্ষমতায় থাকবে। তোরা (গ্রামবাসীরা) আমার কথায় বাইরে গেলে খবর আছে।
পরে নিরুপায় হয়ে গ্রামবাসীরা প্রকৃত ঘটনা ও সাক্ষী প্রমান তুলে ধরে রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করেন। সেখানে বাবু সহ ১০ জনকে বিবাদী করা হয়। মামলার বাদী একই মহল্লার জাহিদুল ইসলাম বলেন, তারা যথোপযুক্ত প্রমাণের ভিত্তিতে আদালতে বাবু সহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
জাহিদুল ইসলাম সহ একই মহল্লার রেজাউল করিম ও আসাদুজ্জামান সহ ১০-১২ জন গ্রামবাসী জানান, বিগত ১৭ বছর আওয়ামী সুবিধাভোগী এসকল নব্য বিএনপি নেতাকর্মীদের কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা বাবুর এমন পারিবারিক দ্বন্দ্বের কারণকে রাজনৈতিক রুপ দেওয়ার বিষয়টি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দকে জানালে তারাও বাবুর বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেছেন বলে জানান।
গ্রামবাসীর মতে, দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির কড়া নির্দেশনা রয়েছে কোন ব্যক্তি দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষদের যেনো কোন প্রকার হয়রানি করতে পারবে না। কিন্তু বাবু কেন্দ্রের এই নির্দেশনাকে বৃদ্ধঙ্গলি দেখিয়ে গ্রামের নিরীহ মানুষকে ব্যাক্তি স্বার্থে হয়রানি শুরু করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম বাবু বলেন, গ্রামবাসীকে হুমকি ধামকির বিষয়টি ভিত্তিহীন। ওইসব পুরাতন নাটক। তারা আওয়ামী লীগ করা লোকজন আমাদের বিএনপির ছেলেদের মারপিট করেছে। এখন নিজেরা বাঁচার জন্য কোর্টে কাউন্টার মামলা দিয়েছে।
মামলা বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাস জানান, আদালতের মামলা এখনও আমাদের হাতে আসেনি। দুটো মামলাই আমরা যথাযত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করব। এখানে রাজনৈতিক ভাবে কোন প্রভাব খাটানোর সুযোগ নেই।


প্রকাশিত: June 30, 2025 | সময়: 3:57 am | সুমন শেখ

আরও খবর