মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থীর

মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে একই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ শিক্ষার্থীর। জানা গেছে, মহাদেবপুর সদরের ৩ শিক্ষার্থী ৩ জুন মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী উপজেলা নজিপুর বাজারে একটি মোটরসাইকেলযোগে বেড়াতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় মহাদেবপুর-নজিপুর পাকা সড়কে পার্বতীপুর মোড় নামক স্থানে পাশে দাঁড়ানো বাসের পেছনে সজোরো ধাক্কা দেওয়ায় মোটরসাইকেল আরোহী মহাদেবপুরের ৩ শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলা সদরের কলেজপাড়ার বেথুল আশরাফের ছেলে কলেজ শিক্ষার্থী সুনিবিড় আশরাফ (১৭), শাহাজাহান আলীর ছেলে সাদমান সাকিব (১৬) এবং উপজেলার চাঁন্দাশ ইউপির কন্দর্পপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আখতারুজ্জামানের ছেলে আরিয়ান হৃদয় (১৭)।
সুনিবিড় আশরাফ একটি পলিটেনিক কলেজের শিক্ষার্থী, সাদমান সাকিব চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে এবং আরিয়ান হৃদয় জাহাঙ্গীরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে একটি মোটরসাইকেল যোগে তারা তিন বন্ধু বাড়ি থেকে নজিপুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার সময় সন্ধ্যার দিকে পার্বতীপুর মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা বাসের পিছন দিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক সুনিবিড় আশরাফ মোটরসাইকেল সহ বাসের বাম্পার ভেঙে বডির ভিতর ঢুকে আটকে যায়। অপর দুজন ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থালেই সুনিবিড় আশরাফের মৃত্যু হয়।
খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস কর্মীরা নিহত সুনিবিড় আশরাফ সহ আহতদের উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুনিবিড় আশরাফকে মৃত ঘোষণা করেন এবং অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার সময় মহাদেবপুর পৌঁছালে রাত সাড়ে ৮ টার দিকে আরিয়ান হৃদয়ের মৃত্যু হয়।
গুরুতর আহত সাদমান সাকিবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে তাকে আইসিইউ তে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা ৩ শিক্ষার্থীদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষার্থীর খবর এলাকায় ছরিয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।


প্রকাশিত: জুন ৫, ২০২৫ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর