বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে ২০ বছরের মাথায় একই দিনে একই পরিবারের দুই সদস্য হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সর্বশেষ গত ১৪ মে জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই এলাকার আবুল কাশেমের ছেলে বিএনপি কর্মী হাসিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষ বাবু’র লোকজন। এর আগে ২০০৫ সালে একই দিন ১৪ মে হাসিবুরের চাচাতো ভাই ইসাহাক মন্ডল কে হত্যা করে বাবু’র লোকজন।
এরই প্রতিবাদে শনিবার বিকেলে হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে ওই গ্রামের নারী-পুরুষ সহ শতশত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এছাড়াও শনিবার হত্যার শিকার হাবিবুর রহমান হাসিবের চাচাতো ভাই এমদাদুল কে গ্রাপ্তারের প্রতিবাদ জানিয়েছেন।
নিহত হাসিবুরের স্ত্রী সুমি খাতুন বলেন, আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করে তাই পরিকল্পিতভাবে ওয়াজেদ বাবু, রেজাউল হক, ইউনুসসহ তার সহযোগিরা পরিকল্পিতভাবে, দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেছে আমি আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।
হাসিবুরের বাবা আবুল কাশেম বলেন, এরা আমার ছেলেকে হত্যা করেছে দ্রুত সকলকে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। এছাড়ও তিনি বলেন ওয়াজেদ বাবু, রেজাউল হক ২০ বছর আগে আমার ভাতিজাকে একই দিতে হত্যা করেছে। এরা আমাদের পরিবারকে টার্গেট করে একে একে শেষ করে দিচ্ছে।
২০০৫ সালে ১৪ মে হত্যার শিকার ইসাহাকের মা আকলিমা বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে একই ভাবে হত্যা করেছে আবার একই দিনে স্বামীর ভায়ের ছেলেকে হত্যা করেছে। এদের ফাঁসি চাই, ফাঁসি চাই।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানায়, এই ঘটনায় মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত হাসিবুরের চাচাতো ভাইকে গ্রেপ্তারের বিষয়ে বলেন, তার নামে বাড়ী ঘরে হামলা ও পুড়ানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।