, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শুধু বনলতা নয়-চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সকল আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃবৃন্দ। বুধবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সমিতির দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মানিক, সদস্য আনোয়ার হোসেন, সুজন সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, আলাউদ্দিন, ব্যৗবসায়ি ইকবাল আহমেদ, শওকত হোসেন, তরিকুল আলম মোল্লাহ, কাজেম আলী, সাবেক কাউন্সিলর শাহনেয়াজ খান সিনাসহ অন্যরা।
মতবিনিময় সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন বলেন, ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জবাসীদের নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন। বরেন্দ্র ভূমির ঐতিহাসিক জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলার অসংখ্য মানুষ জীবন ও জীবিকার তাগিদে রাজধানী শহর ঢাকাতে বসবাস করছেন। এই মানুষগুলোই একত্রিত হয়ে জেলার উন্নয়ন ও সামাজিক কল্যাণের অভিপ্রায়ে ও নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে এই সমিতির জন্ম হয়। জেলার মানুষদের নিয়ে নানা সামাজিক কার্যক্রম ইতোমধ্যে আপনাদের দৃষ্টিগোচর হয়েছে আশা করি।
প্রতিবছর গুণী মানুষদের সম্মাননা জানানো, চক্ষু শিবির আযোজন, মেধাবৃত্তি চালু, শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর মত কর্মসূচিগুলো অবশ্যই সমাজ উন্নয়নে কিছুটা হলেও কার্যকর ভূমিকা রেখেছে বলে আমরা মনে করি।
অস্বীকার করার কোনো উপায় নেই যে, উত্তরবঙ্গের একটি অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। উন্নয়নবঞ্চিত এই জেলার মানুষদের সব ক্ষেত্রে অধিকারবঞ্চিত করে রাখা হয়েছে।
ইতোপূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সরাসরি ট্রেন চালুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকায় বনলতা আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। আমরা সম্মিলিতভাবে সরকারের কাছে দাবি জানালে নিশ্চয়ই সরকার আমাদের দাবি মেনে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনসমূহ চালুর উদ্যোগ গ্রহণ করবে। দেলওয়ার বলেন আপনার নিশ্চয়ই অবগত আছেন, আজ বৃহস্পতিবার ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে আমরা কর্মসূচি গ্রহণ করেছি।
ঢাকার সাথে চাঁপাইনবাবগঞ্জের আজ্ঞনগর ট্রেন পদ্মা, ধুমকেতু, সিল্কসিটি ও মধুমতি চলাচলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অবস্থান, শান্তিপূর্ণ রেল অবরোধ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই দাবি শুধু আমাদের দাবি নয়, আপনাদেরও। আমাদের এই দাবির সাথে আপনাদের একাত্মতা ও অংশগ্রহণ প্রত্যাশা করি। আপনারা আপনাদের লেখনি নিয়ে এই দাবির পক্ষে দাঁড়াবেন- এই প্রত্যাশা করি।
আপনাদের অবগতির জন্য আরো জানতে চাই, আমাদের আজকের একটি দাবি চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি রেল যোগাযোগ কিন্তু আমাদের আরো কিছু দাবির কথা উল্লেখ করতে চাই। যেগুলো নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের প্রিয় জেলার উন্নয়নে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
আমাদের আরো কতিপয় দাবি, রেল লাইন সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করতে হবে। সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করা হলে অন্তত সহজে এবং দ্রুত সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আমাদের গর্বের ফল আম পরিবহন সহজ হবে এবং আমচাষীরা লাভবান হবেন। দেশের ২য় বৃহত্তর স্থলবন্দর এই সোনামসজিদ বন্দর।
এই বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য প্রতিনিয়ত আমদানি করা হয়। সোনামসজিদ পর্যন্ত তেল লাইন বর্ধিত করা হলে এসব ব্যবসায়ীরা সারাদেশের সাথে সহজে যাতায়াত করতে সক্ষম হবে এবং পণ্য ঢাকাসহ সারাদেশে সহজে পরিবহন সম্ভব হবে।
রেল বন্দর রহনপুর থেকে সরাসরি ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করতে হবে। রহনপর রেল বন্দরকে পূর্ণাঙ্গ রেল বন্দরে রূপান্তর করতে হবে।