, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার থানা পাড়ার থানার পশ্চিম পাশে উচ্চ আদালতের নিদের্শে ৬টি বাড়ী উচ্ছেদ করা হয়। আদালতের কমিশন প্রাপ্ত আইনজীবি মোস্তাফিজুর রহমানের বুলেটের তথ্য মতে, হাফিজুর রহমান ও আফাজ উদ্দিন দ্বিগর বাদী হয়ে আদালতে মামলা করেন। বিবদমান জমির পরিমান ১৪ শতক।
পরবর্তী পর্যায়ে উক্ত মামলাগুলো দীর্ঘদিন যাবৎ আদালতে চলমান থাকায় একাধিকবার রায় ঘোষণা করা হয়। পরবর্তী বিবাদিরা রায়ের বিপক্ষে আপিল করলে উচ্চ আদালতে বাদীর পক্ষে রায় পায়। প্রেক্ষিতে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন করার জন্য আদালতের কমিশন প্রাপ্ত এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেট ও এ্যাড. আমিনুল ইসলামকে নিযুক্ত করে স্থানীয় প্রশাসনকে তা বাস্তবায়ন করার জন্য নির্দেশ প্রদান করেন। সেই সাথে বাড়ীগুলো বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে অবহিত করা হয়।
এর প্রেক্ষিতে রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় গৌর, ফাতেমা, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, ভারতী ও শ্যামলের বাড়ী উচ্ছেদ করে লাল পতাকা টাঙ্গানো হয়।
এবিষয়ে বিবাদি ফাতেমা জানান, এ রায় সম্পর্কে আমরা অবগত নই। আমাদের কোন নোটিশ করা হয়নি। হঠাৎ করে আমাদের বাড়ী ঘর উচ্ছেদ করায় আসবাবপত্র নিয়ে বিপাকে পড়েছি। আমরা উচ্চ আদালতের স্মরণাপন্ন হবো। স্থানীয়ভাবে জানা যায় বিবাদিরা দীর্ঘদিন যাবৎ উক্ত জমির উপর ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে।