বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীর বাড়িসহ তার ছেলের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। বুধবার রাত ৮ টার পর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আলমপুর গ্রামের এক নারীর বাড়িতে এই ঘটনা ঘটিয়েছে এলাকাবাসী। পরে তার বাড়ি সংলগ্ন ছেলের বাড়িতেও বিক্ষুব্ধ লোকজন অগ্নিসংযোগ করে। পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এলাকাবাসী জানায় দীর্ঘদিন থেকে ওই নারী বাড়িতে দেহ ব্যবসা করে আসছিল।
স্থানীয়রা জানায়, গ্রামের ওই নারী দীর্ঘদিন থেকে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত। এলাকাবাসীর কোন বাধা নিষেধ মেনে চলতেন না। তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যেতেন। এরই প্রেক্ষিতে বুধবার রাতে বিক্ষুব্ধ লোকজন তার বাড়িতে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়। পরে উত্তেজিত জনতা পার্শ্ববর্তী তার ছেলের বাড়িতেও একই ঘটনা ঘটায়।
গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল উপস্থিত হয়। তারআগে পাশ্ববর্তী ভোলাহাট উপজেলার ফায়ারসার্ভিস স্টেশনের সহকর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ হয়ে পুরো আগুন নেভাতে সক্ষম হন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দীন বলেন, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে ওই ইউনিয়নে লোকজন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।