চারঘাটে বিদেশী পিস্তুল ও গুলিসহ ৩জন আটক

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে বিদেশী পিস্তুল ও গুলিসহ ৩ জনকে আটক করেছে চারঘাট মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, মেহেদী হাসান মুন্না (২৮), হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫)। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঘটনার সত্যতা শিকার করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।
জানা যায়, শনিবার গভীর রাতে ওয়ারেন্ট তামিল করতে চারঘাট মডেল থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের রায়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় রাত প্রায় ৩ টার দিকে রায়পুর মহাজনপাড়া এলাকার জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ীতে অভিযান পরিচালনার সময় তার শয়ন কক্ষে ৩ ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের সময় কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হয়। পরে ওই ঘর থেকে মেহেদী হাসান মুন্না (২৮), হৃদয় আহম্মেদ (২৬) ও মুমুনুর রশিদ (৩৫) কে আটক করা হয়।
আটককৃতরা সকলেই আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের সকলের বাড়ী রায়পুর এলাকায়। সকলেই আত্মগোপনে ছিলেন। পরে আটককৃত মেহেদী হাসান মুন্নার শরীর তল্লাসী করলে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, আটককৃতরা কোন সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য কিনা সেই রহস্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে রোববার সকালে তাদের আদালতের প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫ | সময়: ৬:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ