বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর মো. সুরুজ (৪৫) হত্যা মামলায় তার বোন ও দুই ভাগনেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল। নিহত সুরুজ নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা ছিলেন।
গ্রেপ্তার তিনজন হলেন- সুরুজের বোন জাহানারা বেগম (৫০), জাহানারার ছেলে মো. হিরা (৪০) ও আশরাফ আলী (৪৫)। তাদের বাবার নাম মৃত আনিচুর রহমান। বাড়ি বহরমপুর ব্যাংক কলোনী এলাকায়।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১১ এপ্রিল নগরের সিটি বাইপাস এলাকায় আসামিরা সুরুজকে মারধর করেন। হিরা ইট দিয়ে তার মামা সুরুজের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে নেওয়া হলে সুরুজ মারা যান।
এ ঘটনায় নিহত সুরুজের ছেলে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাব তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে।