, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রেসক্লাবের প্রয়াত প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানকে স্মরণ করে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাব প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শতাধিক মানুষ অংশ নেন।
স্মরণসভা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান। রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহীর আলো’র সম্পাদক আজিবার রহমানসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় বক্তারা বলেন, সাইদুর রহমান ছিলেন রাজশাহীর সমস্যা ও জনস্বার্থের বিষয় নিয়ে সরব একজন সাংবাদিক। দীর্ঘ কর্মজীবনে তিনি নগরের নানা সংকট, নাগরিক সমস্যা ও মানুষের দাবিদাওয়া নিয়ে লিখেছেন। বিভিন্ন নৈতিক আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, রাজশাহীর মানুষের সমস্যা ও সংকট নিয়ে সাইদুর রহমান দীর্ঘদিন কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনসহ রাজশাহীর মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। আশির দশকে দৈনিক করতোয়ার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন সাইদুর রহমান। পরে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। সর্বশেষ তিনি দৈনিক ভোরের কাগজে কর্মরত ছিলেন। উচ্চশিক্ষার জন্য রাশিয়ার মস্কো যান এবং সেখানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সাইদুর রহমান ছিলেন সাবেক গভর্নর ও আইনজীবী আতাউর রহমান এবং ভাষাসৈনিক মনোয়ারা রহমানের ছেলে। তাঁর নানা ছিলেন প্রখ্যাত আইনজীবী ও শিক্ষানুরাগী মাদার বখশ। উল্লেখ্য, গত রোববার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে মারা যান সাইদুর রহমান। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।